ক্ষুদ্র চিন্তা দিয়ে দেশকে বদলানো যাবে না : স্থপতি ইয়াফেস ওসমান

৩ অক্টোবর, ২০২১ ১৬:৫৭  
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে সবাইকে সৎভাবে কাজ করতে হবে। প্রতিটি কাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ক্ষুদ্র চিন্তা দিয়ে দেশকে বদলানো যাবে না। শুধু আর্থিকভাবে সৎ নয়, মানসিকভাবেও সৎ থাকতে হবে।” তিনি আরও বলেন, “ গত ১০ বছর যাবৎ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের তহবিল অত্যন্ত স্বচ্ছভাবে ব্যয় করা হচ্ছে, প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে এর প্রভাব পড়ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিটি কাজকর্ম স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত।” বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের ১৭ তম বোর্ড সভায় সভাপতির ভাষণে এ বক্তব্য রাখেন। আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান জিয়াউল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামসুল আলম এবং ঢাকা শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এ সভায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান শিক্ষার উপকরণ ক্রয়ে ৩০ লক্ষ টাকা এবং একটি বিজ্ঞান ক্লাবকে ১ লক্ষ টাকা সহ মোট ৩১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রী অনুদানকৃত অর্থের সৎ ব্যবহার নিশ্চিত কল্পে বোর্ড সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সরেজমিন পরিদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন।